যুদ্ধের রাতে ইসারয়েলি গোলকিপারকে বোকা বানালেন ইরানি ফুটবলার

ফের অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। লেবাননে ইসারায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ মিশনে নেমেছে ইরান। গতকাল মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে এএফপি। এই রাতেই ফুটবল মাঠেও দেখা গেল ‘অন্যরকম এক যুদ্ধ’।

মঙ্গলবার রাতে সান সিরোয় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান। ইতালির ক্লাবটি ম্যাচ জিতে নেয় ৪-০ গোলে। ৮১ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেছেন ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমি। ইন্টারের হয়ে নিজের প্রথম গোলের পাশাপাশি দুটি গোলে তিনি অবদানও রেখেছেন।

মজার ব্যাপার হলো, তারেমি যখন পেনাল্টি কিক নেন, তখন রেড স্টারের গোলপোস্ট আগলে ছিলেন ইসরায়েলি গোলকিপার ওমরি গ্লেজার। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গ্লেজারকে ফাঁকি দিয়ে গোল করেন তারেমি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গোল করে ভালো লাগছে। সতীর্থদের ধন্যবাদ। গোল করতে একটু সময় লাগল। অনুশীলনে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’