জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ গুতেরেসকে ‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে এ ঘোষণা দেন। বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী কাৎজ এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারে না, সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি ইসরায়েল বিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দিয়ে থাকেন।’
এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। তবে এ হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। এছাড়া ইসরায়েলি রাষ্ট্রদূত ইসরায়েলে হামলার কারণে ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এরপরই জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যে সংঘাতের নিন্দা জানান। এক বিবৃতিতে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যদিও সেখানে তিনি ইরানের নাম উল্লেখ করেনি।