লেবাননের দক্ষিণ এলাকায় স্থল অভিযানে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, সীমিত, স্থানীয় আর হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো ওই অভিযানে আরো সৈন্য পাঠানো হচ্ছে। খবর বিবিসির।
অন্যদিকে লেবানন সীমান্তের ২৫টি গ্রাম থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইডিএফ। এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরায়েলি অভিযান তারা ঠেকিয়ে দিয়েছে। যদিও এই দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুতজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বছর গাজায় আগ্রাসন শুরুর পরদিন থেকেই ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথেও সংঘর্ষে জড়িয়ে পরে ইসরায়েল। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোয় হামলা-পাল্টা হামলা চলছে দুই পক্ষের। তবে গত দুই সপ্তাহ ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।
ভয়াবহ হামলার ১৩ দিনের মাথায় লেবাননে স্থল অভিযান শুরু করেছে দেশটি। সর্বশেষ ২০০৬ সালে লেবাননে প্রবেশ করেছিল ইসরায়েলি বাহিনী। তবে সেবার মাসব্যাপী যুদ্ধে ইসরায়েলি সেনাদের কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল।
এর প্রায় দুই দশক পর আবারও হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এই অভিযানের জন্য ইসরায়েলের সৈন্য ও ট্যাংকের পরিমাণ, প্রস্তুতি এবং মাত্রার উপর ভিত্তি করে বোঝা যায় দেশটি লেবাননে আরও দীর্ঘ আক্রমণের জন্য নিজেদের প্রস্তুত করছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য হিজবুল্লাহকে এমনভাবে পরাস্ত করা, যাতে তারা আর হুমকি হয়ে দাঁড়াতে না পারে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননের লাখো মানুষের বাস্তুচ্যুতি এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহসহ সিনিয়র কমান্ডারদের মৃত্যু পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
ইসরায়েলি কমান্ডো ও প্যারাট্রুপ ইউনিটগুলোর সাথে দেশটির নিয়মিত পদাতিক ও সাঁজোয়া ইউনিটগুলো দক্ষিণ লেবাননে স্থল অভিযানে যোগ দিয়েছে বলে জানা গেছে। তবে নতুন করে সেনা পাঠালেও তাদের এই সামরিক অভিযান হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও স্থানীয় পর্যায়ে থাকবে বলে দাবি করেছে তেল আবিব। এর মানে হলো ইসরায়েল মুখে সীমিত স্থল অভিযানের কথা বললেও তাদের অভিযান সীমিত কমান্ডো অভিযানের বাইরে চলে গেছে।
ইসরায়েলে অন্তত ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে হামলার কারণ জানাল ইরান
ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে ইরানকে, হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় সাতজন নিহত