রাজধানীর ওয়াইজঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার শশীভূষণ থানার সাবেক চেয়ারম্যান মাহবুব আলম খোকন, ভোলার চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জাহিদ হাসান ও শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপির কোতয়ালী থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির কোতোয়ালি থানায় বাদী বিএনপি নেতা মো. মনির হোসেনের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট সকালে কোতয়ালী থানার ওয়াইজঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিএনপির ৩০/৩৫ জন নেতাকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে গুরুতর জখম করে। এরপর বিএনপির নেতাকর্মীদের ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, চর থাপ্পর দেন। এক পর্যায়ে জাবেল হোসেন পাপন বাদীকে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিএনপি নেতা মনির হোসেন প্রাণ বাঁচাতে আসামিদের নগদ ১০ লাখ টাকা দিয়ে ছাড়া পান। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা রুজু করেন মনির হোসেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।