ফিরলেন মেসি, প্রথমবার আর্জেন্টিনা দলে নিকো পাজ

২০২৪ কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। কোপার পর গেল সেপ্টেম্বরে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেললেও ইনজুরির কারণে দলে ছিলেন না মেসি।

এই অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন মেসি।

কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন মেসি। এর দুই মাস দুই দিন পর ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন মেসি। ইনজুরি থেকে ফিরে এরই মধ্যে মায়ামির হয়ে খেলেছেন ২৯৯ মিনিট। এবার ফিরলেন জাতীয় দলে।

এছাড়াও দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। ডিফেন্ডার তাগলিয়াফিকো সম্প্রতি কাফ ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাঠে।

দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে খেলা মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোতে খেলেন তিনি। পাজ এর আগে ২০২২ বিশ্বকাপের জন্য ঘোষিত ৪৮ জনের প্রাথমিক দলে ছিলেন। নিকো পাজের বাবা পাবলো পাজ আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলেন।

ফিফার নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন না গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তাই দলেও নেই তিনি। এমির বদলে কাউকে নেওয়া হয়নি। আর্জেন্টিনার ঘোষিত দলে তিন গোলকিপার হলেন- বেনিতেজ, রুলি ও মুসো। তারা আগেও আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন।

আর্জেন্টিনা দল