ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি সংলগ্ন কলম্বিয়া গার্মেন্টস এলাকায় বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময়ে স্থানীয় জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর শহরের দিক থেকে এক যুবক সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই যুবকের মৃত্যু হয়। এ সময়ে আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসেও স্থানীয়দের উত্তেজনা দেখে আগুন না নিভিয়েই ফিরে যায়।
ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আরিফ হোসেন বলেন, বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। যানজটের কারণে আমাদের গাড়ী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, বাসের চাপায় এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার জের ধরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায়।