ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

স্যাটেলাইট ছবিতে দেখা গেল ইসরায়েলের বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন

গত মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও মোসাদের সদর সপ্তর লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে বেশির ভাগ ক্ষেপনাস্ত্রই আকাশে ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনী।

এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি জানিয়েছে ইসরায়েল।

পরদিন বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানায় তারা

তবে এবার স্যাটেলাইটের মাধ্যমে তোলা কিছু ছবিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। আর এসব চিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

স্যাটেলাইটে তোলা কিছু ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে যে, ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটির একটি এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা গেছে। যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমানঘাঁটির প্রধান রানওয়ের কাছে। এছাড়া ভবনের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির একটি নেভাতিম। এই বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাখে ইসরায়েল। এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি।

তবে ক্ষেপণাস্ত্র হামলার সময় কোন বিমান হ্যাঙ্গারে ছিল কিনা তা স্যাটেলাইটের তোলা ছবি দেখে বোঝা যায়নি।

স্যাটেলাইটের এসব ক্ষয়ক্ষতি ছবির বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে জানতে চাওয়া হলেও, তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেবারও নেভাতিম বিমানঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।