দুর্নীতির অভিযোগে ভারতের সাবেক অধিনায়ককে তলব

ভারতের সাবেক অধিনায়ক তথা খ্যাতিমান ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে সমন পাঠিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এইচসিএ) আর্থিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই সূত্রে তাকে তলব করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে এইচসিএর সভাপতির পদ থেকে আজহারকে সরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সভাপতি থাকার সময় তিনি এইচসিএর তহবিলের ২০ কোটি রুপি নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা এবং হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ক্যানোপি কেনার জন্য ওই অর্থ বরাদ্দ ছিল।

ক্রিকেট প্রশাসন থেকে সরে এসে আবার রাজনীতির ময়দানে নেমেছিলেন আজহার। তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেও সফল হননি। যদিও তার ওপর অনেক আস্থা, আশা-ভরসা রেখেছিলেন কংগ্রেস। কিন্তু তিনি ৬৪২১২ ভোটের বিশাল ব্যবধানে হেরে যান। এর আগে দুইবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একবার জয়ী হয়েছিলেন আজহার।