কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বলেন, সহকারী অধ্যক্ষ শাহ জালাল ও কলেজের প্রভাষক কামরুজ্জামান মোল্লা বিভিন্ন সময়ে ছাত্রীদের গায়ে হাত দেয়াসহ, কুরুচিপূর্ণ মেসেজ পাঠান। ছাত্রীদের কাছে অভিযুক্ত শিক্ষকদের প্রেরিত মেসেজের প্রমাণও রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলেও এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’