গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতার দ্বন্দ্ব থামাতে গিয়ে কিল-ঘুষিতে জাহিদুল হক শ্যামল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কৃষক দলের সাবেক এক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাতে উপজেলার মোক্তাপুরে শফিকুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল হক শ্যামল মোক্তারপুর মধ্যপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোক্তারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক কামালের সঙ্গে একই এলাকার মৃত মজনু সরকারের ছেলে সেলিম সরকার, শফিজুদ্দিনের ছেলে শামসু মিয়া, আলাউদ্দিনের ছেলে মনির হোসেন ও আমিনের ছেলে হুমায়ুন কবিরের দীর্ঘদিন ধরে দলীয় বিরোধ ছিল।
বুধবার বিকেলে তারা মোক্তারপুর ইউনিয়নের সেগুনতলা বাজারে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যানারে একটি সভা শেষে শফিকুল মার্কেটে অবস্থান করেন। রাত সাড়ে ৭টার দিকে শামসুল হক কামাল তাদের কাছে সভার বিষয়ে জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে কামালের দিকে তেড়ে আসে। এ সময় শ্যামল এসে কামালকে সরিয়ে দিতে চাইলে সেলিম, শামসু মিয়া, মনির হোসেন ও হুমায়ুন কবিরসহ বেশ কয়েকজন মিলে শ্যামলকে কিল-ঘুষি শুরু করে।
একপর্যায়ে শ্যামল অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবি উল্লাহ খাঁন বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই শামসুল হক কামাল বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।