বগুড়ায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে শ্রমিক নিহত

বগুড়ায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে হারুন মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক নাম হারুন মিয়া উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পাশের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় হারুন মিয়া। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’