ইউটিউবে ভিডিও দেখে ট্রেন লুটের পরিকল্পনা, অতঃপর...

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পিএম

মাথার উপর বড় ঋণের বোঝা। সেই ঋণ শোধ করতে ট্রেন লুটপাটের পরিকল্পনা করেছিলেন দুই যুবক। আর এ জন্য তারা ইউটিউবের সাহায্য নিয়েছিলেন। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গুজরাটে ওখা-ভাবনগর ট্রেন বেলাইন করে যাত্রীদের লুটপাটের ছক কষেছিল। গত ২৫ সেপ্টেম্বরের এই পরিকল্পনা ফাঁস হওয়ায় দুই কৃষিশ্রমিক জয়েশ নাগরভাই বাওয়ালিয়া (২৪) এবং রমেশ কাঞ্জি সালিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়। 

এর আগেও নাকি একাধিক জায়গায় রেলকে লাইনচ্যুত করার চেষ্টা করেছিল এই দুই কৃষিশ্রমিক। কখনও রেললাইনের উপর রেখে দেওয়া হয়েছিল সিলিন্ডার, কখনও লোহার পাত। পর পর এ ধরনের ঘটনা সামনে আসার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, তিনি রাজ্য প্রশাসন, পুলিশ এবং এনআইএ’র সঙ্গে যোগাযোগ রাখছেন। এই রহস্যের পর্দাফাঁস হবেই। অবশেষে গ্রেপ্তার হন এই দুজন।

পুলিশ সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর কুন্দলি গ্রামের কাছে রেললাইনের উপর আড়াআড়ি রাখা ছিল একটি লোহার পাত। কোনোক্রমে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামান চালক, এড়ানো যায় দুর্ঘটনা। জেরার মুখে জয়েশ এবং রমেশ জানিয়েছে, রেললাইনের ধারে ঝোপে লুকিয়ে ছিল তারা। রেল বেলাইন হয়নি দেখে বাইকে করে ঘটনাস্থল থেকে পালায় দুজনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত