সাভারের আশুলিয়ায় দুই কার্টন থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার বাবুল মোল্লার হালিমের দোকানের পাশ থেকে দুটি কার্টন থেকে লাশের তিনটি খণ্ড উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কাঠগড়া এলাকায় একটি বন্ধ কাপড়ের দোকানের সামনে কে বা কারা রশি দিয়ে বাঁধা দুটি কার্টন রেখে যায়। দোকান মালিক বিকেলে দোকান খোলার সময় কার্টন দুটি দেখতে পান। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও কেউ কার্টনগুলো না নিতে আসায় দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা কার্টন দুটি খুলে অজ্ঞাত নারীর মাথাবিহীন তিন খণ্ড লাশ দেখতে পায়।
এ ঘটনায় দোকান মালিক ও স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে এসে কার্টন দুটি জব্দ করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের মাথা না থাকায় তাকে চেনা যায়নি। তবে তার পরনে গেঞ্জি এবং প্যান্ট ছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কে বা কারা দুটি কার্টনে ভরে এক নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ রেখে গেছে। আমরা ঘটনাস্থলে এসে পিবিআই এবং সিআইডিকে অবহিত করেছি। তারা আসলে নিহত ও নারীর পরিচয় সনাক্তসহ হত্যকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে কাগজের কার্টনে করে ফেলে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।