হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৃহস্পতিবার বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
বিমানবন্দরে ইসরায়েলের হামলার লক্ষ্য কী ছিল সেটি এখনও স্পষ্ট না। তবে রাজধানীতে বিমানবন্দরের এই দাহিয়েহ এলাকার সীমানা হেজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে বিবেচিত হয়।
এদিকে রয়টার্স জানিয়েছে, রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। বাচৌরাতে অবস্থিত বহুতল একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ওই ভবনে আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের সংসদের এত কাছাকাছি ইসরাইলি হামলা এবারই প্রথম। এখানে হামলা হয়েছে, সেই স্থানটি সংসদ থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।
এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে তাদের ৮ জন সৈন্য নিহত হয়েছে। ওই ঘোষণা দেওয়ার পরপরই লেবাননে এই হামলা হয়।
ইসরায়েল জানিয়েছে যে তাদের সেনারা সীমান্তের কাছে হেজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। তবে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের দুই দিক থেকে ইসরায়েলি সেনাদের নিশানা করেছে। আক্রমণের তৃতীয় দিন বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবানিজ সেনাবাহিনীর সৈন্যদের ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়।