জন্মদিনেই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল তাজ নেহারের। সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। তবে ব্যাট হাতে আন্তর্জাতিক অভিষেক রাঙাতে পারেননি প্রতিভাবান এই মিডল অর্ডার ব্যাটার। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি রান-আউট হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। ম্যাচ জয়ের পর টিম হোটেলে তার জন্মদিন উদযাপন করেছেন সতীর্থরা। ছিল আরও উপলক্ষ।
গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা যেটিকে ‘স্পেশাল’ বলেছেন। এর পাশাপাশি আরও কিছু উপলক্ষ যুক্ত হয়েছিল। গতকালের ম্যাচটি ছিল প্রথম বাংলাদেশি হিসেবে অধিনায়ক নিগারের শততম টি-টোয়েন্টি।
এছাড়া গতকালের ম্যাচে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি–টোয়েন্টিতে এক শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা আক্তার। আরেক স্পিনার ফাহিমা খাতুন স্পর্শ করেন ৫০ উইকেটের মাইলফলক। তার ওপর ১০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ধরা দিয়েছে জয়। সব মিলিয়ে বাংলাদেশের ড্রেসিংরুম হয়ে ওঠে উৎসবমুখর।
বাঘিনীদের উদযাপনের রাতে নিগার ও নাহিদার হাতে মাঠের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হাশান তিলকারত্নে। আর তাজ নেহারের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
শততম ম্যাচ খেলা নিগার বলেন, ‘আমার জীবনের বড় অর্জন এটি। যখন শুরু করেছিলাম, তখন কল্পনাও করিনি এত দূর আসব। আর আজকের দিনে ১০০তম ম্যাচ খেলে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ম্যাচ জিতে। ধন্যবাদ আমাকে গর্বিত অনুভব করানোর জন্য। কারণ, আমি জানি মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় অর্থ বহন করে। শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই। সব সময় একটা কথা শুনি, “তোমরা কিছু করো, তাতে (তোমাদের পক্ষে) আমরা কিছু বলতে পারব।” আমার চাওয়া, আমরা যেন ওপরের দিকে আমাদের কথা বলার সুযোগ করে দিতে পারি।’