সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জিতলে সেমিফাইনালে খেলার দারুণ সম্ভাবনা থাকতো বাংলাদেশের। কিন্তু সেটি হয়নি। সেই ম্যাচে মাহমুদউল্লার এক ওভারে পাঁচ ডট বল খেলা নিয়ে এখনও সমালোচনা হয়।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আছেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে প্রায়ই দেখা যায় ধীর গতিতে ব্যাট করতে। যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়।
মাহমুদউল্লাহর জায়গায় শামীম পাটোয়ারীকে নেওয়া যেত কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, 'কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু উনার অনেক অবদান আছে। শামীম তরুণ এবং খুব ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না।'
ভারতের বিপক্ষে সিরিজটি মাহমুদউল্লাহর শেষ কি না এমন প্রশ্নে শান্ত বলেন, 'এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কি না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কি না…। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে।'
শান্তর এরপর যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে হয়তো আর বেশি দিন খেলবেন না।
'আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।' বলছিলেন শান্ত।