সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মামলাটি দায়ের করেন উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মো. সৈয়দ নুরের ছেলে এরশাদ নাবিল খান।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন। ওসি বলেন, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। এতে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর এপিএস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এস এম আলমগীর চৌধুরী, কলিম উদ্দিন, অনুপম চক্রবর্তী বাবু, ছগির আহমদ আজাদ, আইয়ুব আলী, আমিন শরীফ, আবদুল আজিজ, রবিউল হায়দার রুবেল, মোহাম্মদ ইদ্রিচ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব ও আজিজুল হক বাবুল।এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী নিজেকে ঠিকাদার উল্লেখ করেন। এতে লেখা হয়, ২০১৮ সালের ৭ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য চাতরী চৌমুহনী মসজিদের সামনে সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন নাবিল। এ সময় ২-১৫ নম্বর অভিযুক্তরা একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে করে ৫-৬ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করেন। তাকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে খুন করার উদ্দেশ্যে শহরের দিকে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে একটি ঘরে আটকে রেখে তাকে মারধর ও মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন তিনি।