মক্কার ব্যবসায়ীদের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক

হজের খরচ কমাতে মক্কার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হুসাইন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মক্কার হোটেল ব্যবসায়ী গ্রুপ মিলিনিয়াম হজ কোম্পানির চেয়ারম্যান আরেফ কুতুবী এবং মিনা-মুজদালিফা আবাসন ও যাতায়াত ব্যবস্থাপনায় সাথে সংশ্লিষ্ট বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা।

বৈঠকে এবার স্বল্প খরচে উন্নত সেবা, ট্রান্সপোর্ট এক্সসিবিলিটি বিল্ডআপ, খাবারের মান উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণসহ বাড়িভাড়া কমানোর জন্য মক্কার হোটেল ব্যবসায়ী, মিনা মুজদালিফায় আবাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ভাড়া কমানোর আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু আব্দুল হামিদ জমাদার, হজ অনুভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, মক্কার কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কনসাল হজ আসলাম উদ্দিনসহ মক্কার হোটেল ব্যবসায়ীরা।

মক্কার ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত হজ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ যেন হজ করতে পারে এবং হজের খরচ সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব এজন্য কাজ করছি,হজ এসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রতিনিধি ও আমাদের সাথে আছেন সবাই বসে হাজীদের স্বার্থে পুঙ্খানুপুঙ্খভাবে ইস্যুগুলো পর্যালোচনা করব।

জনসংখ্যা অনুপাতে ঘোষিত কোটা অনুযায়ী চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১২৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন।