বাফুফের কাছে কোটি টাকা দাবি করলেন ফিফা থেকে নিষিদ্ধ সোহাগ

ফুটবলে না থেকেও বেশ ভালোভাবেই আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফিফার দুই প্রস্থের নিষেধাজ্ঞা পেয়েছেন নানা অনিয়মের অভিযোগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে আজীবন নিষিদ্ধ করেছে ২০২৩ সালে। তারপরও সোহাগের ছায়া থেকে গেছে ফুটবলে। এবার বাফুফেতে ২৩ বছরের চাকরিকালীন সময়ের প্রায় ১ কোটি টাকা সার্ভিস বেনিফিট দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি। বিষয়টিকে ‘অতিরঞ্জিত’ আখ্যা করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তুষার বলেছেন, ‘উনি কোটি টাকা দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন। তবে আমাদের কাছে মনে হচ্ছে তা ৩৫ লাখের বেশি হবে না। বিষয়টি দেখা হচ্ছে।’ গত বছর আর্থিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সোহাগ।

ফুটবল রাজনীতিতে যুক্ত হয়েছেন সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা নাঈম। ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনী কংগ্রেসে দ্বিতীয় বিভাগের ক্লাব বিক্রমপুর কিংসের কাউন্সিলর হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগ নিজেই। বিক্রমপুর কিংসের সাধারণ সম্পাদক সম্রাট মুহিম তালুকদারও দিয়েছেন তাসমিয়াকে কাউন্সিলর করার ব্যাখ্যা।

গত বছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন বিকেলে ফুটবলাঙ্গন তোলপাড় হয় ফিফার এক সিদ্ধান্তে। আর্থিক বরাদ্দ ব্যবহারে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগের প্রমাণ পেয়ে ফিফা সোহাগকে প্রথম প্রস্থে ২ বছর ফুটবলের সকল প্রকার কর্মকান্ড থেকে নিষিদ্ধ করে। অধিকতর তদন্তের পর সোহাগের শাস্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। অর্থাৎ ফিফার শাস্তির তাকে ভুগতে হবে ২০২৬ সাল পর্যন্ত। ফিফার প্রথম প্রস্থের নিষেধাজ্ঞার পরপরই বাফুফে সোহাগকে আজীবন নিষিদ্ধ করেছিল।