গাজার পর আরেক ধ্বংসস্তুপ লেবানন, নিহত ২ হাজারের বেশি

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার পর এবার লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুত্লাগত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে দখলদার দেশ ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর বিমান ও স্থল হামলার এ পর্যন্ত লেবাননে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে ১২৭ শিশু ও ২৬১ জন নারী রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি হামলার মুখে লেবাননে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারো বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন। ধ্বংস হয়েছেন বহু বাড়িঘর।

গত রাতেও রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তঘেঁষা এলাকাগুলোয় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল।

অন্যদিকে বৈরুতের দক্ষিণ শহরতলির থেকে অদূরে উত্তর লেবাননের ত্রিপোলিতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেদদাউই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে পরিবারের তিন সদস্যসহ নিহত হয়েছেন হামাসের কাসাম ব্রিগেডের কমান্ডার সাইদ আতাল্লাহ আলী।

অন্যদিকে গাজা ও লেবাননে হামলা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহও। শুক্রবারও ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।