বিদেশ শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, ভুক্তভোগী হামিদুল ইসলাম পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়— মো: হামিদুল ইসলামের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় মো: আলমগীর হোসেনের। তার সঙ্গে রোমানিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর কথা চূড়ান্ত হয়। একপর্যায়ে বিভিন্ন সময়ে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেন ভুক্তভোগী। টাকা নিয়ে অভিযুক্তরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা প্রদান করে। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

তদন্ত করে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবীর নেতৃত্বে পল্টন মডেল থানার একটি টিম কর্তৃক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। পল্টন মডেল থানার মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।