ওই নায়ক প্রতি রাতে আমার শোবার ঘরে আসতে চাইতেন: মল্লিকা শেরাওয়াত

একটা সময় ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। এর পর গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। বহু দিন পরে ফিরছেন মল্লিকা শেরাওয়াত। ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে দেখা যাবে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার। অতীত খুঁড়ে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা। দুবাইয়ে একটি ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী। ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা।

মল্লিকা সাক্ষাৎকারে বলেছেন, একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।

এই পর্যন্ত সব ঠিক ছিল। তার পরেই এক বিস্ফোরক দাবি করেন মল্লিকা। তিনি বলেন, দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শোবার ঘরে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।

অভিনেতার নাম উল্লেখ করেননি মল্লিকা। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। ছবির বর্ণনা শুনে নেটাগরিকদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।

তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন! এই ছবিতে ক্যাটরিনা কাইফ, নানা পাটেকর. অনিল কাপুর, পরেশ রাওয়ালও অভিনয় করেছিলেন।