কলকাতার সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক অনেক দিনের। গৌতম হালদারের ‘ভাল থেকো’ তাঁর প্রথম ছবি। তার পর ২০০৫ সালে ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকারের হাত ধরে তিনি বলিউডে পা রাখেন। এরপর ‘পরিণীতা’, ‘পা’, ‘ডার্টি পিকচার’-এর মতো ছবিতে কাজ করেন, পান পুরস্কারও।
বাঙালি পরিচালক সুজয় ঘোষের ‘কাহানি’তে অভিনয়ের প্রস্তাব আসে বিদ্যার কাছে। কম বাজেটের ছবি, তবুও অভিনেত্রী রাজি হয়ে যান। পরে সে ছবিটি হইচই ফেলে দেয়।
নায়িকার জন্য ‘ভ্যানিটি ভ্যান’ ভাড়া করার ক্ষমতা ছিল না পরিচালকের। এ দিকে কলকাতার রাস্তায় একের পর এক শুট চলছে। কোথায় পোশাক বদলাবেন তিনি? বিদ্যা বালান রাজি হয়ে যান নিজের গাড়িতে পোশাক বদলাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষ।
সুজয় বলেন, “আমাদের পক্ষে বিদ্যাকে একটি ভ্যানিটি ভ্যান দেওয়া সম্ভব ছিল না। আবার শুটিং বন্ধ রাখাও সম্ভব ছিল না। খুব অল্প বাজেটে কাজ করছিলাম আমরা। বিদ্যা নিজের গাড়িতেই পোশাক বদলান প্রতিবার। আমরা মাঝরাস্তায় ওর গাড়ি একটা কালো কাপড় দিয়ে ঘিরে দিতাম। তারই মধ্যে তৈরি হয়ে নেমে আসতেন পরের শটের জন্য।”
সুজয় বলেন, “আমার ছবিতে কাজ করতে অস্বীকার করতেই পারতেন বিদ্যা। কারণ, তার আগে আমার ছবি ‘আলাদিন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। স্বল্প বাজেটের ছবি। কিন্তু বিদ্যা ঠিক অমিতাভ বচ্চনের মতো ‘মেগাস্টার’, শাহরুখ খানের মতো ‘সুপারস্টার’। এরা প্রত্যেকে নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ।”
সুজয় এর পর কাজ করতে চলেছেন শাহরুখ খানের সঙ্গে। ‘কিং’ ছবিতে বাদশাহর সঙ্গেই দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। থাকবেন অভিষেক বচ্চনও।
এবার আল্লু অর্জুনের সিনেমার বাজেট ৭০০ কোটি 