কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী মান্নান, নেওয়া হলো হাসপাতালে 

কারাগারে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর)  বিকেলে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

তিনি জানান, বেলা ১২টার দিকে সাবেক এমপি এমএ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়, উনার বুকে ইনফেকশন ছিল, এছাড়া ঘুম হয় না। পেটে সমস্যা ছাড়াও মানসিকভাবে বিকারগস্ত হয়ে পড়ায় অনেক সময় উল্টা-পাল্টা কথা বলছেন। তাই তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর বলেন, তাকে আজ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়, পরে সেখান থেকে ওসমানীতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।