ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ৬ 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় শিশুসহ ৬ জনকে আটক করেছেন বিজিবি। গতকাল শনিবার (৫ অক্টোবর) সকালে পাটগ্রাম থানার পরিদর্শক মামুন রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

আটকরা হলেন—সিরাজগঞ্জ সদরের মৃত রতন ঘোষের ছেলে মানিক ঘোষ (৩৭), তার স্ত্রী পূজা সাহা (৩০), মেয়ে নমতা ঘোষ (১২), পুজাতা ঘোষ (৩) ও বাদল চন্দ্রের স্ত্রী কনিকা ঘোষ (৫০)। অপরজন পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে বেলাল হোসেন (২৫)।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় অবৈধভাবে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের আঙ্গোরপোতা এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় দালালচক্রের সদস্য বেলাল হোসেনসহ ৬ জনকে আটক করা হয়। 

পাটগ্রাম থানার পরিদর্শক মামুন রশিদ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে আটকদের পাটগ্রাম থানায় হস্তান্তর করেন পানবাড়ি বিজিবি।