কম খরচে মানসম্মত নিউরোলজি সেবা দেওয়ার প্রত্যয়ে গড়ে ওঠা বাংলাদেশ ব্রেইন ফাউন্ডেশন আয়োজিত ডক্টরস সেমিনারে বক্তারা সেবার মনোভাব নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিউরোলজি বিষয়ক সেবা সীমিত পরিসরে শুরু করার প্রস্তুতি হিসেবে ঢাকার তোপখানা রোডের সেগুনবাগিচায় ব্রেইন ফাউন্ডেশন এর কার্যালয়ে শনিবার বিকেলে নিউরোলজি বিষয়ক ডক্টরস সেমিনার অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের নিউরো সার্জনেরা এতে অংশ নেন।
ব্রেইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ রাজিউল হক সেমিনারে বলেন, স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দে বড় ধরনের বৈষম্য ও অনিয়ম রয়েছে। যে কারণে বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন। তিনি বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য হবে-লো কস্ট হাইয়েস্ট সার্ভিস।
সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য খাতে সরকারের পাশাপাশি বেসরকারি এমন উদ্যোগ আরো বিকশিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের জন্য কাজ করার চেয়ে বড় তৃপ্তি আর কিছুতেই নেই।
সেমিনারে বক্তব্য রাখেন ব্রেইন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইসমে আজম জিকো, সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, সংগঠক অঞ্জন কুমার দে, ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি জেমী হাফিজ প্রমুখ।