কয়েক প্রজন্ম ধরেই নায়ক হিসেবে তুমুল জনপ্রিয় রুবেল। তিন শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করা এই নায়ককে এখন আর সেভাবে তাকে দেখা যায়না।
নতুন খবর হলো, অনেক দিন পর আবারও পর্দায় ফিরছেন এই নায়ক। তবে বড় পর্দায় নয়, ওটিটিতে। তাকে দেখা যাবে রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-তে। এই ওয়েবের মাধ্যমে ওয়েব দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে ৯০ দশকের মারকুটে এই নায়কের। এতে তার সঙ্গে থাকছেন চিত্রনায়িকা পূজা চেরী।
‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এমনটা জানানো হয়।
সিরিজটি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে রায়হান রাফীর। তিনি বলেন, সাধারণত যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন।
পূজা চেরী বললেন, এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। একদমই ভিন্নরকম কিছু। রাফী ভাইয়ার সঙ্গে অনেক দিন পর কাজ। তাছাড়া এখানে রুবেল ভাইয়ার মতো সিনিয়র শিল্পী রয়েছেন। আশা করছি দারুণ কিছু হবে।
জানা গেছে, চলতি সপ্তাহে সৈয়দপুরে শুটিং শুরু হবে ওয়েব সিরিজটির। এতে আরও অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, শিবা শানু, ইন্তেখাব দিনার প্রমুখ। ৬ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি দেয়া হবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে।
এদিকে কিছুদিন আগেই গুঞ্জন চাউর হয় সিরিজটিতে অভিনয় করবেন তানজিন তিশা। কিন্তু সেই গুঞ্জন গুঞ্জনই রয়ে গেল এবং এতে যুক্ত হলেন পূজা। শোনা যাচ্ছে, সম্প্রতি ঘোষণা দেওয়া বড় পর্দার সিনেমা ‘লায়ন’-এও থাকার সম্ভাবনা রয়েছে পূজা চেরীর।
এর আগে পরিচালক-নায়িকা জুটির একাধিক কাজ সফল হয়েছে। রাফীর হাত ধরেই ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে পূজার। এরপর তাদের ‘দহন’ও বেশ ভালো সাড়া ফেলে।