এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য বসুন্ধরা কিংস তাদের দলে ভিড়িয়েছে নতুন তিন বিদেশি ফুটবলারকে। তারা হলেন মোহামেডানের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে, ফর্টিস এফসির ডিফেন্ডার জাসুর জুমায়েভ এবং মিডফিল্ডার চার্লস দিদিয়ের।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এরই মধ্যে দিদিয়ের বাংলাদেশে এসে কিংসের অনুশীলনে যোগ দিয়েছে। মোহামেডানের পক্ষ থেকে দিয়াবাতের দলবদল সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে। ফর্টিসও তাদের খেলোয়াড় জুমায়েভকে ছাড়ার ব্যাপারে নিশ্চিত করেছে।’
৩৩ বছর বয়সী মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ২০১৯ সাল থেকে মোহামেডানের জার্সিতে খেলছেন। প্রিমিয়ার লিগে ৯৬ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার। ৭৭ গোল ও ২৮ অ্যাসিস্ট রয়েছে দিয়াবাতের। মিডফিল্ডার চার্লস দিদিয়ের ২০১৯ থেকে দেশের ঘরোয়া ফুটবলে খেলছেন। চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল হয়ে ২০২৩ মৌসুমে কিংসে যোগ দেন তিনি। এ বছর দলবদলে শুরুতে তাকে না ভেড়ালেও চ্যালেঞ্জ লিগের জন্য আইভরিকোস্টের এ মিডফিল্ডারকে ফের স্কোয়াডে নিয়েছে কিংস। প্রিমিয়ার লিগে ৫৩ ম্যাচে ১৪টি গোল ও ১৪টি অ্যাসিস্ট রয়েছে দিদিয়েরের।
এএফসি চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্রুপে রয়েছে বসুন্ধরা কিংস। ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আগামী ২৬ অক্টোবর লেবাননের নেজমাহ ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে কিংস। ২৯ অক্টোবর ভারতের ইস্ট বেঙ্গল এবং ১ নভেম্বর ভুটানের পারো এফসির বিপক্ষে কিংসের পরের দুই ম্যাচ।