ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুজন স্কুলছাত্র নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জয়লা আলাদী গ্রামের মোলা বক্সর ছেলে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম (১৪) ও  চকখানপুর গ্রামের আবু তালেবের ছেলে খানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোরছালিন (১৩)। 

আহতরা হলেন জয়লা আলাদী গ্রামের রাসেল (১০), মেরাজুল (১১), রানা (১৮), রুস্তম (১২),  সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানায়, জয়লা আলাদী মাঠে দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে দুজন নিহত হয়।

উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, এ ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে আনার পথে আরও একজন মারা যায়। অন্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।