ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই (ড্র করে) পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ শনিবার নিজেদের মাঠ ইতিহাদে ফুলহ্যামের বিপক্ষে আগে গোল হজম করে পেপ গার্দিওলার দল। তবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে সিটিজেনরা।
ম্যানসিটি ৩-২ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। সিটির হয়ে জোড়া গোল (৩২ ও ৪৭ মিনিটে) করেন মাতেও কোভাচিচ। অপর গোলটি করেন জেরেমি ডকু (৮২ মিনিট)।
ম্যাচের ২৬ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। তবে এরপর সিটি গোল শোধ করে ৩-১ এ এগিয়ে যায়। ৮৮ মিনিটে আরেকটি গোল শোধ দেন ফুলহ্যামের রদ্রিগো মুনিজ।
এদিকে আর্সেনালও সাউদাম্পটনের বিপক্ষে খেলেছে নিজেদের মাঠ এমিরেটসে। আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।গানার্সদের হয়ে গোল করেছেন তিনজন। তারা হলেন- কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও বুকায়ো সাকা।
আর্সেনাল ও ম্যানসিটি দুই দলেরই সাত ম্যাচ শেষে পয়েন্ট সমান ১৭। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।