পথচলা শুরু বসুন্ধরা কিংস অ্যাকাডেমির

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম

বর্হিবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার দেশের মাটিতে নিজেদের ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম শুরু করেছে গত পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপুর পরিক্ল্পনা ও তত্বাবধানে গতকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে বসুন্ধরা কিংস নেক্সট জেনারেশন ফুটবল অ্যাকাডেমির পথচলা।

বসুন্ধরা কিংসের পরিচালক ইমরুল হাসান দেশ রূপান্তরকে জানিয়েছেন এ অ্যাকাডেমি গড়ার পেছনের লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন, ‘যেকোনো পেশাদার ক্লাবের পাইপলাইনটা সমৃদ্ধ করতে গেলে আসলে বয়সভিত্তিক খেলোয়াড়ের প্রয়োজন পড়ে। আমাদের দেশে এই চর্চাটি নেই আর আমাদেরতো ছিলই না। আমাদের মূল লক্ষ্যটা হলো প্রতিবছর আমাদের মূল দলে যেন অ্যাকাডেমির বয়সভিত্তিক দল থেকে কিছু খেলোয়াড় নিতে পারি।’

কিংসের টেকনিক্যাল ডিরেক্টর নিপুর সঙ্গেও কথা হয় দেশ রূপান্তরের। তিনি জানান, ‘আমরা দেখলাম মানুষের প্রচুর আগ্রহ, বিশেষ করে ঢাকার বাইরের থেকেও। এমনকি ময়মনসিংহ থেকেও অনেকে এই অ্যাকাডেমিতে শেখার আগ্রহ দেখিয়েছে। শুক্রবারই এটার উদ্বোধনী করার ইচ্ছা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে আমরা করতে পারিনি। গতকালও সকাল থেকে বৃষ্টি ছিল। তারপরও আমাদের প্রেসিডেন্ট চিন্তা করলেন যে শুরুটা হয়ে যাক। তার উপস্থিতিতেই আমরা আজ কার্যক্রম শুরু করলাম। প্রচুর অভিভাবক এতে উপস্থিত ছিলেন। সুন্দর একটা পরিবেশে সৃষ্টি হয়েছিল এখানে। এতো বাচ্চাদের উপস্থিতিতে আমাদের অ্যাকাডেমিও প্রাণবন্ত হয়ে ওঠে।’

৬-১০ বছর বয়সীদের নিয়ে গ্রিন, ১১-১৪ বছর বয়সীদের নিয়ে অরেঞ্জ এবং ১৫-১৮ বছর বয়সীদের নিয়ে রেড- তিনটা ভিন্ন ক্যাটাগরির খুদে থেকে তরুণ ফুটবলারদের নিয়ে পরিচালিত হবে এ অ্যাকাডেমি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ৫টি মাঠই ব্যবহার করা হবে অনুশীলনের প্রয়োজনে। আপাতত অনাবাসিক পদ্ধতির এ অ্যাকাডেমির কার্যক্রম চলবে বৃহস্পতি, শুক্র ও শনিবার। গ্রিনে ১০ জন, অরেঞ্জে ৪০ জন এবং রেডে ৫০ জন- মোট ১০০ জন ফুটবলার পথচলা শুরু করলো বসুন্ধরার অ্যাকাডেমিটি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত