ঢাকার কেরানীগঞ্জে একটি খাবার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার ‘ঘরোয়া খাবার হোটেলে’ এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়।
একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল বলেন, আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব হোসেন বলেন, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।