কারখানায় গেলে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হয়: প্রাণ গ্রুপের চেয়ারম্যান

বিভিন্ন দাবিতে দেশের শিল্প-কারখানায় শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণা করেছে। অনেক কারখানায় দাবি আদায়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। এতে উৎপাদন কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে তেমনি বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এমন অবস্থায় কারখানায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেছেন, কারখানায় গেলে নিজের জীবন নিয়ে বের হওয়ার শঙ্কায় থাকতে হয়। আমার ভয় লাগে, জীবন নিয়ে কি বের হয়ে আসতে পারব? এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন, তাহলে আগামী দিনে ব্যবসা পরিচালনা করতে পারবেন না তারা।

শনিবার (৫ অক্টোবর) সকালে মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়ে আহসান খান চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদের সমস্যা দেখে তাহলে তাদের পরামর্শ নিতে চাই। যারা এখন অসন্তোষ করছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের দাবি মানতে হবে এই সংস্কৃতি আমাদের ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা দিতে হবে।

তিনি বলেন, বিগত দিনে কারখানাগুলো শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আমরা সেই সংস্কৃতি ফিরে পেতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে আগামী দিনে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।

প্রাণ-আরএফএলের চেয়ারম্যান বলেন, আমাদের কারখানায় শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা কখনোই আগে হয়নি, এবারই প্রথম। সরকারের সহায়তায়, শ্রমিক ও মালিকের বোঝাপাড়ার মাধ্যমে এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।

যদি এমন অবস্থা থাকে তাহলে আগামী দিনে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।