মা বকাঝকা করায় বিষ পানে মেয়ের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ ভাগলপুর এলাকার একটি বাসায় বিষপানে অদিতি রানী দে (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত অদিতির বাবা লিটন চন্দ্র দে ও মা লাভলী রানী দে জানান, হাজারীবাগ ভাগলপুর লেনে তাদের নিজেদের বাড়ি। অদিতি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের ২য় বর্ষের ছাত্রী। দুই ভাইবোনের মধ্যে অদিতি ছিল বড়।

তিনি জানান, গত পরশু মা লাভলী রাণী বাসায় অদিতিকে সামান্য বকাঝকা করেন। এতে গতকাল শনিবার মায়ের ওপর অভিমান করেছিল সে। শনিবার দিবাগত রাতে নিজের রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে অদিতি। 

রবিবার ভোরে তার রুম থেকে কান্নার শব্দ পেয়ে ধরজার লক খুলে ভেতরে ঢুকে দেখেন, রুমে গড়াগড়ি খাচ্ছে অদিতি। তখন সে জানায়, বিষপান করেছে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।