অ্যালিসনের পর ভিনিসিয়ুস, মাঠে নামার আগেই বিপদে ব্রাজিল

গোলকিপার অ্যালিসন বেকারের পর এবার ইনজুরিতে আক্রান্ত ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ঘাড়ে চোট পেয়েছেন এই তারকা। তাই অ্যালিসনের মতোই চলতি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে ভিনির খেলার কোনো সম্ভাবনা নেই।

আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ পেরু। গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লেগে মাঠ ছাড়েন অ্যালিসন। একই রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে চোট পান ভিনিসিয়ুস।

ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, ভিনিসিউস তার ঘাড়ে অস্বস্তি অনুভব করছেন। পরীক্ষার পর আজ রবিবার তার ঘাড়ে চোট পাওয়ার কথা নিশ্চিত করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কতদিন তাকে বাইরে থাকতে হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে চিলি ও পেরুর বিপক্ষে এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।