শত শিশুর সঙ্গে গাইবেন শফিক তুহিন

জনপ্রিয় গীতিকার কণ্ঠশিল্পী শফিক তুহিন শিশুদের নিয়ে একটি গান তৈরি করছেন। রাষ্ট্রীয়ভাবে বিশ্ব শিশু দিবস উদযাপনের দিনে গানটির সাথে ১০০ জন শিশু পারফর্ম করবে এবং শফিক তুহিন উপস্থিত থেকে নিজেও শিশুদের সাথে কণ্ঠ মেলাবেন সোমবার। অনুষ্ঠানটি সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
গানটির প্রথম কয়েকটি লাইন - 
আজকের শিশু দেশ ও জাতির, আগামীর সম্ভাবনা/ তাদের জন্য সুন্দর পৃথিবী,করতে হবে রচনা/বৈষম্য দূর করে আলোকিত বাংলাদেশ, গড়ব এবার 
প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার/  শিশুদের মন ফুলের মতন,নিশ্চিত করব শিক্ষাঙ্গন/ স্বাস্থ্য সুরক্ষায় সবাই মিলে,মায়ের মতো করবো যতন।
বিশ্বের দরজায় পৌঁছে দেবে,এই শিশুরাই দেশের অহংকার/  প্রতিটি শিশুর অধিকার,রক্ষা আমাদের অঙ্গীকার... 

গানটি সম্পর্কে তিনি বলেন, 'শিশুদের জন্য কাজ করতে পারাটাই আনন্দের। গানটি করতে পেরে আমার ভালো লেগেছে। গানের মাধ্যমে আমি বলতে চেয়েছি, শিশুদের অধিকার ও শিক্ষার দিকে যত্নশীল হয়ে তাদের বিশ্বের দরবারে উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদেরই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং শিশুদের সুষ্ঠ  বিকাশে বড়দের অবদান সবচেয়ে বেশি থাকা উচিত।'

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন শুরু হয়েছে গত ২৯ সেপ্টেম্বর থেকে কাল এই উদযাপনের শেষ দিন। জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মোট ১০৫ জন শিশু মারা গেছে জানিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আজ নিহত শিশুদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে এই অনুষ্ঠানে। ৬ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানান।