কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ৭ঘণ্টা পর মৎস্য ঘের থেকে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের ছেলে। তারা দু’জন চাচাতো ভাই ও স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মো. মানিক জানান, সকাল ১০টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তাদের সন্ধান পাওয়া যায় নি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ওই দুই শিশুর মরদেহ পাওয়া যায়।