কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃত করিম ডাকাত দলের সঙ্গে জড়িত।
রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রেখেছে বলে খবর পায় পুলিশ। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মো. করিমকে হেফাজতে নেয়।
পরে জিজ্ঞাসাবাদে করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, পাহাড়ি এলাকায় অপরাধীদের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে, একনলা বন্দুকসহ করিম আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাহাড়ি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।