টাকা দিতে না পারায় বাবার মাথায় বাড়ি, মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে জাহেদ আলী (৬৫) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে (২৮) সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

নিহত জাহেদ আলী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্থানীয়দের বরাতে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সন্ধ্যায় জাহেদ আলী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছেলে জুয়েল বাবার কাছে টাকা চায়। তখন জাহেদ আলীর হাতে টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান।

জুয়েল মিয়া মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তিনি আরও বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল হককে ঘটনাস্থলে পাঠানো হয়। তখন সেখান থেকে জুয়েল মিয়াকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।