তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব গ্রেপ্তার 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে  পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। 

জানা যায়, রবিবার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায়  শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারভুক্ত আসামি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন সদর উপজেলার রাধা নগর পয়েন্টে অবস্থান করছেন।

এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিষেশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে সেই ঘটনায় তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যানকে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জেল হাজতে রয়েছেন। এ ছাড়াও গত কয়েক দিনের অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সাবেক চেয়ারম্যান আফতাবকে গ্রেপ্তার করা হলো।