ইসরায়েলে গুলিতে নারী পুলিশসহ নিহত ২, আহত ১০

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বের্শেবাতে বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ মহিলা নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় গতকাল রোববার শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা হিসাবে অভিহিত করেছে পুলিশ। তবে ঘটনাস্থলেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

এ হামলার পর দক্ষিণ জেলার বিপুলসংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীর গুলিতে নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা ছায়া সুসলিক। ১৯ বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে যে, চিকিৎসকরা আহতদের মধ্যে জন্য দশজনকে চিকিৎসা প্রদান করেছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অন্য চারজনের অবস্থা মোটামুটি বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে, হামলার সময় বন্দুকধারীকে সেখানে থাকা নিরাপত্তা বাহিনী কয়েক সেকেন্ডের মধ্যে নিরস্ত্র করেছে।

হামলার পরপরই, ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ সন্ত্রাসীদের পরিবারকে দেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, "ইসরায়েলি ভূখণ্ডে হামলা ঠেকাতে একটি প্রতিরোধমূলক শাস্তির সময় এসেছে।"

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এই হামলাকে "গুরুতর এবং ঘৃণ্য" বলে অভিহিত করে বলেন, "আমাদের অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।“

এর আগে গত সপ্তাহে, ইসরায়েলের জাফা এলাকায় সাধারণ জনগণের ওপর বন্দুকধারীর গুলি চালানোর পর তেল আবিবে গুলি ও ছুরি হামলায় সাতজন নিহত হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তিতে সারা দেশে নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি করেছে।