চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক নেতা আবু তোহার চাকরিচ্যুতির আবেদন করেছেন তারই আপন ছোট ভাই ও ছাত্রদল নেতা মো. ইয়াছিন। তিনি চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরিত এক চিঠিতে এ আবেদন করেছেন তিনি ।
চিঠিতে আবু বকর তোহাকে নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন উল্লেখ করে তাকে অব্যাহতি প্রদান করতে আবেদন করেন ইয়াছিন।
চিঠিতে ইয়াছিন বলেন, আমার আপন ভাই আবু বকর তোহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত। সাধারণ শিক্ষার্থীরা নানান অভিযোগ তুলে তাকে প্রক্টর অফিসে নিলে আমার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য শহীদ, হাজার হাজার আহত ছাত্র-জনতার ত্যাগ আমার বিবেককে প্রশ্নবিদ্ধ করে।
ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নেওয়া চাকরি কেউ নির্বিঘ্নে করে যাবে সেটা মেনে নেওয়া পীড়াদায়ক বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। তাছাড়া ক্যাম্পাসে স্বৈরাচারের অন্যতম হাতিয়ার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে পাঁচবার নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
চিঠিতে তিনি লেখেন, আবু বকর তোহা আমার আপন ভাই সেটা যেমন সত্য, তেমনি সে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সেটাও সত্য। সুতরাং আমার আপন ভাই হলেও আমি আবু বকর তোহাসহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছে তাদের যোগ্যতা এবং তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আনীত অভিযোগ খতিয়ে দেখে তাদের চাকরিচ্যুত করার জোর আবেদন জানাই।
তিনি উল্লেখ করেন, তার ভাই পরিচয়ে আবু বকর তোহা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করবে কিংবা পূর্বে অন্য কোন অপরাধ করে থাকলে সেটা থেকে পার পেয়ে যাবে সেটা কখনো হতে পারে না। আপন ভাই হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ লেখা যেমন অত্যন্ত বেদনাদায়ক তেমনি স্বৈরাচারের সুবিধা নিয়ে প্রাপ্ত চাকরি নির্দ্বিধায় করে যাবে সেটা আরও বেশি অপমানজনক এবং পীড়াদায়ক বলে মনে করেন তিনি।