প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কৃত্রিম পায়ে হাঁটতে পারছেন সাইফুল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে ব্যবহৃত কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ায় চলাফেরায় ভোগান্তিতে থাকা সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। 

ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়।

সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক হেলথ সেন্টারে সাইফুলের কৃত্রিম পা সংযোজনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁদের পাশে দাঁড়ান।

২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় পা হারান ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে পড়ে। এতে স্বাভাবিক চলাফেরায় আবারও সমস্যায় পড়েন তিনি।

বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কৃত্রিম পা সংযোজনের পর সাইফুলের চলাফেরায় স্বস্তি ফিরে আসে। এখন তিনি লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত