ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারের পর প্রথম টি-টোয়েন্টিতেও লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু, ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে টাইগাররা। জবাবে খেলতে নেমে ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এদিন ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই বেহাল দশা ছিল টাইগারদের।
ভারতের বিপক্ষে এমন অসহায় হারের পর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ব্যঙ্গ করে পোস্ট করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। টাইগারদের নিয়ে রীতিমতো ‘ঠাট্টা’ করেন এই অভিনেত্রী।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন— ‘হার্দিক পান্ডিয়ার শেষের ৩ বল দেখলেই বোঝা যায়, ভারত আমাদের আসলে কিভাবে ট্রিট করতে চায়। কি অসাধারণ একটি ম্যাচ ছিল তার জন্য! বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং দেখে এতো মায়া হচ্ছিল!
আচ্ছা তাদেরকে আরেকটু বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না? মানলাম আমরা গরীব দেশ, তাই বলে আমাদের খেলোয়াড়দের ঠিক করে খাওয়াতে পারবো না? এতোটা কৃপণও কিন্তু আমরা নই।
আর দাদাদের যত কিছুই থাকুক না কেনো, আমাদের মতো এতো ইলিশ মাছ তো নেই। এরপর এভাবে পেটালে, সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছি।’
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে চমকের কমেন্ট বক্সে। কেউ বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করেছেন, কেউ বা আবার চমকের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন।