পশ্চিমবঙ্গের বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। খনির ভেতরে কয়েকজন আটকে পড়েছেন বলেও জানা গেছে।
স্থানীয় সময় সোমবার সকালে বীরভূমের ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক কয়লা খনিরতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, সোমবার সকালে খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।