কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ পেটান আলী (৪২) নামের আরসার এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।সোমবার (৭ অক্টোবর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লক থেকে তাকে আটক করা হয়।
আটক সন্ত্রাসী উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আলী মিয়ার ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, সোমবার ভোরে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হয়েছে খবরে র্যাব, বিজিবি ও এপিবিএন পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরী ১ টি বন্দুক ও ২ টি গুলি পাওয়া যায়।
র্যাবের কর্মকর্তা জানান, আটক রোহিঙ্গা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।