গাজা যুদ্ধ

এক বছরে ইসরায়েলকে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

এক বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন ও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলআর দেশ ইসরায়েল। আর এসব হামলার পেছনে বেশিরভাগ অস্ত্র যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে অন্তত ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে মিত্রদেশ যুক্তরাষ্ট্র। এমনটাই উঠে এসেছে ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার প্রকল্পের প্রতিবেদনে। খবর আল জাজিরার।

দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার ও গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর এক বছর পূর্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড'স স্লিং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করার জন্য ৪ বিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি বন্দুক এবং জেট ফুয়েলের জন্য বিপুল পরিমাণের নগদ অর্থ সহায়তা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একই বছর গত এক বছরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য অতিরিক্ত ৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার তহবিল সরবরাহ করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪.৮৬ বিলিয়ন ডলারের তহবিল সরবরাহ করা হয়েছে। গাজার মানুষদের প্রতি সমর্থন জানিয়ে ইয়মেনভিত্তিক হুথি গোষ্ঠীর চালানো আক্রমণ প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খরচ চালাতে এ তহবিল সরবরাহ করা হয়।

এই হিসাবটি বের করেছেন হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমস। তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে মার্কিন যুদ্ধের ব্যয়ের উপর নজর রেখেছেন। তার সঙ্গে রয়েছেন গবেষক উইলিয়াম ডি হার্টুং এবং স্টিফেন সেমলার।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর এক ঘোষণায়  ইসরায়েলকে আরও ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এ প্যাকেজটি ইসরায়েলকে তার সামরিক কার্যক্রমের সহায়তা হিসেবে দেবে।