চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রভকুন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম

চিকিৎসাবিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রভকুন। আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নোবেল কমিটি এ নাম ঘোষণা করে।

মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকাবিষয়ক গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। তাদের এ কাজ কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কীভাবে করে, তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অ্যামব্রোস গবেষণা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলে প্রাকৃতিক বিজ্ঞানের অধ্যাপক। অন্যদিকে রুভকুন গবেষণা করেছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে। যেখানে তিনি জেনেটিক্সের অধ্যাপনা করেন।  

গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পান তারা।

প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এরই প্রেক্ষিতে আজ চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কারের উদ্বোধন করা হল।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত