যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন এক ফিলিস্তিনপন্থি সাংবাদিক। ফিলিস্তিনপন্থি বিক্ষোভ চলাকালীন আত্মাহুতির চেষ্টা করেন তিনি।
আত্মাহুতির চেষ্টাকারী ফটোসাংবাদিকের নাম স্যামুয়েল মেনা জুনিয়র। স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সি এবং নিউইয়র্ক পোস্ট।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের আগ্রাসনের এক বছরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।
এ সময় গাজায় চলমান যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি তোলেন তারা।
বিক্ষোভ চলাকালীন সময়েই হোয়াইট হাউজের সামনে ফটোসাংবাদিক স্যামুয়েল আত্মাহুতির চেষ্টা করেন। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধীর দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবেই তিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিন ও লেবাননের পতাকা নিয়ে যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছিলেন ও স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। ঘণ্টাখানেক পর এক ব্যক্তি হঠাৎই আত্মাহুতির চেষ্টা করেন। তিনি তার বাঁ হাতে আগুন ধরানোর পরপরই আশেপাশের লোকজন পানি ঢেলে সেই আগুন নিভিয়ে দেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে বলেন, আমি একজন সাংবাদিক, আমরাই ভুল তথ্য ছড়াই।
তিনি মূলত সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য সাংবাদিকদের দোষারোপ করেন। পরে পুলিশ তাকে আটক করে ও ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে। জানা গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আঘাত প্রাণঘাতী নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্যামুয়েল মেনা জুনিয়র সিবিএসের সঙ্গে যুক্ত একজন সাংবাদিক ও তিনি মিথ্যা তথ্য প্রচারের জন্য ওই সংবাদমাধ্যমকে দোষারোপ করছিলেন।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে চারজন ব্যক্তি গাজায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মাহুতির চেষ্টা করেছেন।