গজারিয়ায় ৮ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

বেতন বৃদ্ধি, নিয়োগপত্র প্রদানসহ ৮ দফার দাবিতে কর্মবিরতি পালন করেছে মুন্সীগঞ্জের গজারিয়ার হাসান রাবার কারখানার শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাসান রাবার কারখানার গেটের সামনে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করে। 

শ্রমিকরা জানায়, বেতন বৃদ্ধি, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সিও সুদীপ্ত গোসামীর পদত্যাগ, নির্দিষ্ট সময় শেষে চাকরি থেকে অবসরে গেলে পেনশন হিসাবে সম্মানী প্রদানসহ আট দফা দাবি বাস্তবায়নের জন্য এই আন্দোলন করছেন তারা।

রনি নামের এক শ্রমিক বলেন, প্রতিনিয়ত নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ৫/৭ বছর ধরে চাকরি করলেও আমাদের বেতন বৃদ্ধি পায় নাই। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলন করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, দাবি আদায়ের জন্য আন্দোলনে কারণে যদি কোনো কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে আমরা যে কোনো ধরনের বড় কর্মসূচি দিতে বাধ্য হব।

এ বিষয়ে হাসান রাবার কারখানার ম্যানেজার নাসির উদ্দিন বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। আশা করছি সমাধান হয়ে যাবে।